
খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার দীঘিনালা-মেরুং সড়কের বেতছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দ্রুতগতিতে চলা একটি মাহিন্দারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সজোরে সংঘর্ষ হয়। প্রচণ্ড শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
পরে আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সোহেলকে মৃত ঘোষণা করেন। নিহত মো. সোহেল মধ্য বেতছড়ি গোরস্থান পাড়া এলাকার মোতালেবের ছেলে।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাদিয়া মনি, তাসলিমা খাতুন ও আব্দুল কাদির। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের সবার বাড়িও বেতছড়ি এলাকায় বলে জানা গেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
