চট্টগ্রামে লিফটের গর্ত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকার খানবাড়ি নামের একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে মাশফিক মাহমুদ খান (৩৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই মরদেহ উদ্ধার করে। নিহত মাশফিক মাহমুদ খান ওই ভবনেরই বাসিন্দা ছিলেন। তিনি গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৩ তলা ওই ভবনের লিফটের গর্তে পড়ে মাশফিক মাহমুদ খানের মৃত্যু হয়েছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খানবাড়ি ভবনের এক বাসিন্দা জানান, গত বৃহস্পতিবার রাত ১১টায় মাশফিক মাহমুদ খান বাসা থেকে বের হন। রাত দুইটার দিকে তাকে লিফটে উঠতে দেখা যায়। এরপর একটি চিৎকার শোনা গেলেও মাশফিক মাহমুদ খানকে আর পাওয়া যায়নি।

শনিবার দুপুরে ওই ভবনের লিফটের নিচে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ভবনের লিফটের নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। লিফটের কোনো কারিগরি ত্রুটি ছিল কি না বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।