
খাগড়াছড়ির রামগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মাসিক ওপেন হাউজ ডে এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রামগড় থানার সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন।
প্রধান অতিথির বক্তব্যে ওবাইন জানান, শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। মাদক, চোরাচালান, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. হারুনুর রশীদ।
উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, মাদকের বিস্তার, সীমান্ত এলাকায় চোরাচালান, জুয়া, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসব অপরাধ প্রতিরোধে তারা প্রশাসনের আরও কার্যকর ও কঠোর ভূমিকা কামনা করেন।
বক্তারা আরও জানান, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ওপেন হাউজ সভা জনসাধারণের সমস্যা তুলে ধরার পাশাপাশি তাৎক্ষণিক সমাধানের ক্ষেত্র তৈরি করে।
সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে ওবাইন ও মো. নাজির আলম উপস্থিত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
