বিএমচরে খাল খনন: ভাগ্য বদলাবে চারশো কৃষকের, সেচ সুবিধা ১৫০০ একর জমিতে


দেশব্যাপী কৃষি ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়নের টেকসই পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির ছোঁয়া লেগেছে এবার কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে।

স্থানীয় তিনটি বিলের চারশো কৃষকের চাষাবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনার আলোকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কক্সবাজার কার্যালয়ের সেচ বিভাগের অধীনে এই ভরাট খাল খননের কাজ করা হচ্ছে।

বিএমচর ইউনিয়নের দুই কিলোমিটার ভরাট খাল খননের এই কাজটি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম।

ইতোমধ্যে বিএডিসি কক্সবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম উপস্থিত থেকে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার গোলাম ছোবাহানসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

সরেজমিনে জানা গেছে, বিএডিসির গৃহীত প্রকল্পের আওতায় বিএমচর ইউনিয়নের কৃষিনির্ভর জনপদ কৃষ্ণপুর রাস্তার মাথা থেকে ফকিয়ারফাঁড়ি ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার ভরাট খাল খনন কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে। আগামী কয়েকদিনের মধ্যে খালের দুই তীরে খনন কাজ শেষ হবে বলে আশাবাদী বিএডিসির নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষক আনোয়ার হোসেন এবং আবদুল নবীসহ আরও অনেকে জানান, দীর্ঘ বছর ধরে বন্যার পলিমাটি জমে ভরাট হয়ে পড়া শাখা খালটি খননের ফলে কৃষকের সেচ সুবিধার পানির উৎস তৈরি হবে।

স্থানীয় ব্লকের নিয়োজিত উপসহকারী কৃষি অফিসাররা জানিয়েছেন, এর ফলে বিএমচর ইউনিয়নের তিনটি বিলের প্রায় ১৫০০ একর জমিতে কৃষকেরা শুষ্ক মৌসুমে নিরবচ্ছিন্নভাবে সেচের পানির সুবিধা পেতে যাচ্ছেন।

চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী জানান, বিএমচর ইউনিয়নের খাল খনন কাজটি সম্পাদনের ফলে ওই এলাকার বিপুল পরিমাণ অনাবাদি জমি চাষের আওতায় আসছে। পাশাপাশি তিনটি বিলের জমিতে নিরবচ্ছিন্নভাবে চাষাবাদে সেচ সুবিধা নিশ্চিত হয়েছে।

বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম জানান, সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিএমচর ইউনিয়নের শত শত কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কৃষ্ণপুর রাস্তার মাথা থেকে ফকিয়ারফাঁড়ি ব্রিজ পর্যন্ত খাল খননের জন্য বিএডিসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মূলত সেই নির্দেশনার আলোকে কক্সবাজার বিএডিসি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির আওতায় এই খনন কাজটি বাস্তবায়ন করছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কক্সবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম জানান, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান বিএমচর ইউনিয়নের দুই কিলোমিটার খাল খনন কাজ শুরু করেছে। খননের সময় খালের গভীরতা ঠিক করে কাজটি সুচারুভাবে বাস্তবায়নে বিএডিসির প্রকৌশলীরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম আরও জানান, খাল খনন কাজে যাতে কোনো ধরনের অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ না ওঠে, সে জন্য বিএডিসি কর্তৃপক্ষ ছাড়াও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার সার্বিক নজরদারি করছেন।