
চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খুলিবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির মাথা থেকে খুলি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে।
শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের মুখমণ্ডল বিকৃত থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি ইউএসটিসির শিক্ষার্থী নাকি বহিরাগত, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ বড়ুয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান আরিফুর রহমান।
