কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি: আহত ৫


কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মহিউদ্দিন ও রনি নামের দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পথে লিয়াকত আলী মেম্বার ও তার লোকজনকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে গুলি চালায়। এতে স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি গুলিবিদ্ধ হন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অহিদুর রহমান জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলেও অহিদুর রহমান নিশ্চিত করেছেন।