হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৬


হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৫২৮ শিশুর মৃত্যু হলো।

গত একদিনে সারাদেশে আরও ১ হাজার ৩০৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ১৬ শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে।

এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয় ৫০ হাজার ৫৫৮ শিশুকে।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২১৪ শিশু। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বাকি শিশুরা চিকিৎসাধীন রয়েছে।

শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার তাগিদ দিয়েছেন তারা।