
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অংক্যমং তংচংগ্যা, চিংক্ষং চাকমা ও চোপোচিং চাকমা। তারা তিনজনই ঘুমধুম ইউনিয়নের বালুখালী (ভালুকিয়া) পাড়ার বাসিন্দা ছিলেন।
নিহতদের মধ্যে অংক্যমং তংচংগ্যা তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের এবং চিংক্ষং চাকমা ও চোপোচিং চাকমা চাকমা সম্প্রদায়ের মানুষ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ল্যান্ডমাইন বিস্ফোরণে এই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সার্বিক বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান জানান, ঘুমধুম ইউনিয়নে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কে বা কারা এই মাইন পুঁতেছিল, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ইউএনও এনামুল হাসান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো-ম্যানস-ল্যান্ড এলাকায় এই ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
