হাটহাজারীতে ফ্যামিলি কার্ড পাইলটিংয়ের পর্যালোচনা, তথ্য যাচাই করলেন ডিসি


দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

রোববার (২৪ মে) হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড পাইলটিং-২০২৬’-এর তথ্য সংগ্রহ পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কোনো শ্রেণিকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে শক্তিশালী করে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রামে প্রথম সিটি করপোরেশনের কাটগড় ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকার গুমানমর্দনে এ কার্যক্রম সম্প্রসারিত হয়। হালদা নদীর ভাঙনকবলিত এই এলাকার ৩ নম্বর ওয়ার্ডে সমাজসেবা অধিদপ্তরের কর্মীরা নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন।

উপজেলা প্রশাসন এবং হাটহাজারী ও গুমানমর্দন ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চত্বরে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনুদ্দীন হাসান, সমাজসেবা দপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ ও সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ওমর ফারুক।

এছাড়া সভায় হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা যথাক্রমে মোজাহিদুল ইসলাম, মো. মনির হোসেন ও রাজিব আচার্য, সমাজসেবা দপ্তরের তথ্য সংগ্রহকারী কর্মচারীবৃন্দ, গুমানমর্দন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তবারক হোসেন, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদত্ত ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে একটি আম্রপালি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

সবশেষে জেলা প্রশাসক গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগৃহীত এলাকায় যান। সেখানে তিনি সরাসরি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে সংগৃহীত তথ্যের সঠিকতা যাচাই করেন।