সাতকানিয়ায় পার্টনার কংগ্রেস: কৃষিতে সর্বোচ্চ বরাদ্দের দাবি এমপি শাহজাহান চৌধুরীর


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতকানিয়ার আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শম্ভু নাথ দেব এবং শিক্ষক আব্দুল হামিদ। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খোন্দকার মাহমুদুল হাসান, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ আইয়ুব, শম্ভু নাথ দেব এবং আব্দুল হামিদসহ অন্যান্য বক্তারা জানান, দেশের কৃষিকে আধুনিক, টেকসই ও জলবায়ু সহনশীল ধারায় এগিয়ে নিতে পুষ্টিনির্ভর কৃষি উৎপাদন, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। তারা আরও জানান, পার্টনার প্রকল্প মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষির বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজারসংযোগ সম্প্রসারণ এবং কৃষকের জীবনমান উন্নয়নে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

শাহজাহান চৌধুরী আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে।

সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আগামী জাতীয় বাজেটে কৃষির জন্য সর্বাধিক বরাদ্দ নিশ্চিত করতে স্পিকারের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে বলেও শাহজাহান চৌধুরী আশ্বাস দেন।