রাউজানে গরুচোর সন্দেহে অজ্ঞাত বৃদ্ধকে পিটিয়ে হত্যা


চট্টগ্রামের রাউজানে গরুচোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকার রুদ্র পল্লী সংলগ্ন মাঠ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই বৃদ্ধের নাম ও ঠিকানা এখনো জানা যায়নি। তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে গরুচোর সন্দেহে ওই বৃদ্ধকে পিটিয়ে আহত করে ফেলে যান স্থানীয় কয়েকজন মৌসুমী গরু ব্যবসায়ী। স্থানীয় লোকজন জানান, নিহত ওই ব্যক্তি মূলত মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন।

ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, রাত চারটার দিকে তিনি লোকজনের শব্দ শুনেছিলেন। তবে তিনি তখন ঘর থেকে বের হননি। মোহাম্মদ দেলোয়ার হোসেন আরও জানান, তার ঘরের বাইরে থাকা সিসিটিভির ফুটেজ পরীক্ষা করলে পুলিশ জড়িতদের শনাক্ত করতে পারবে।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে পিটিয়ে মারার আলামত সংগ্রহ করা হয়েছে বলে তানভীরুল হক চৌধুরী নিশ্চিত করেছেন।

তানভীরুল হক চৌধুরী আরও জানান, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এরই মধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।