
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের প্রাপ্য বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সমন্বিত তৎপরতায় চট্টগ্রামের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সময়মতো বেতন-বোনাস পরিশোধ হওয়ায় শ্রমিকরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মঙ্গলবার (২৬) মে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মালিকপক্ষ, শ্রম অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করেন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় চট্টগ্রামের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের বকেয়া ও চলতি বেতন-বোনাস দ্রুত পরিশোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।
একইসঙ্গে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি মাহবুবুল হাসান এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা জালাল খান চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি মাহবুবুল হাসান এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা জালাল খান। মাহবুবুল হাসান এবং জালাল খানের সক্রিয় তদারকির ফলে চট্টগ্রামের অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ সম্পন্ন হয়।
শ্রমিক প্রতিনিধিরা জানান, সময়মতো বেতন ও বোনাস পাওয়ায় শ্রমিকরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতেও বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখতে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
