জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহস কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। সেখানে তারা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দুঃসাহস দেখিয়েছে, তা অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। এ সময় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়ক, পশুর হাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

ব্রিফিংয়ে সম্প্রতি পুলিশ ও র‍্যাবের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‍্যাব ও পুলিশের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সরকার তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা শিগগিরই দৃশ্যমান হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না এবং দুর্বৃত্তায়নের একটি মহামারি চলছিল। জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হতে দেখা গেছে। তবে বর্তমানে এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সরকার।

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালনা করে অনেক অস্ত্র উদ্ধার এবং দাগি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে পুলিশ একাডেমি, র‍্যাবের একাডেমি এবং ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সন্ত্রাসীদের আড্ডা যেখানেই থাকুক, তা সমূলে নির্মূল করার ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।

ঈদের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, ঈদের সাত দিন আগে এবং পরের সাত দিন পর্যন্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। এই লক্ষ্যে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, যাত্রীরা সচেতন থাকলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

পশুর হাটে জাল নোটের বিস্তার ঠেকাতে জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। বিভিন্ন ব্যাংকের শাখা এসব জায়গায় তৎপর রয়েছে। এছাড়া অনুমোদিত পশুর হাটের বাইরে যাতে কোনো হাট বসতে না পারে, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম নজরে এলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পৌরসভাসহ সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
টোল প্লাজায় দীর্ঘ যানজট কমানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমানে ম্যানুয়ালি টোল আদায় করায় সময় লাগছে। অনেক দেশের মতো স্বয়ংক্রিয় ব্যবস্থায় টোল আদায়ের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সীমান্তে গোলাগুলি পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটলেও তা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হচ্ছে। এতে জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সাভারে প্রকাশ্যে পুলিশের সামনেই মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন ও তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।