
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ ও নিরাপদ সড়কের দাবিতে ব্যতিক্রমধর্মী পদযাত্রা শুরু করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার তরুণ নোবেল দেব নাথ।
জনসচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা রোধে বার্তা পৌঁছে দিতে বুধবার (২৭ মে) সকালে তিনি বন্দর নগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত প্রায় ১৩৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করছেন।
নোবেল দেব নাথ লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নাথাপাড়ার বাসিন্দা। তিনি চন্দন নাথের পুত্র এবং চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
কর্মব্যস্ত জীবনের মাঝেও সামাজিক দায়বদ্ধতা থেকে নিরাপদ সড়কের দাবিতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় ইতোমধ্যে স্থানীয়সহ বিভিন্ন মহলে প্রশংসায় ভাসছেন নোবেল দেব নাথ।
জানা যায়, দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, আহত ও পঙ্গুত্বের ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট, অতিরিক্ত যানবাহনের চাপ এবং ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে দুর্ঘটনার হার উদ্বেগজনক।
এই পরিস্থিতি বিবেচনায় মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীতকরণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে এই পদযাত্রায় নেমেছেন নোবেল দেব নাথ।
নোবেল দেব নাথ মনে করেন, চালকদের অসচেতনতা, বেপরোয়া যান চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং সড়কে শৃঙ্খলার অভাব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এসব বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ এবং সচেতনতা বৃদ্ধিই তার এই দীর্ঘ পদযাত্রার মূল উদ্দেশ্য।
পদযাত্রাকালে নোবেল দেব নাথ পথচারী, চালক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরছেন। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা, সতর্কভাবে যানবাহন চালানো এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছেন তিনি।
তার এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে একজন তরুণের মানবিক দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা ও সাহসী উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত জরুরি। একজন তরুণের এমন ইতিবাচক ও জনকল্যাণমূলক পদযাত্রা সমাজে অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেবে বলেও মনে করছেন তারা।
লোহাগাড়ার সন্তান নোবেল দেব নাথের এই মানবিক ও সচেতনতামূলক পদযাত্রাকে সবাই স্বাগত জানিয়েছেন। অনেকেই নোবেল দেব নাথের এই উদ্যোগকে দেশের নিরাপদ সড়ক আন্দোলনের জন্য অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন।
