রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল চার বসতঘর, ক্ষতি ১০ লাখ টাকা


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৬ মে) রাতে দশমাইলমাথা এলাকার সুখবিলাস ৯ নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে রাত ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. ইয়াকুব, মো. শাহাদাৎ হোসেন, কোরবান আলী এবং নুরুল আলমের বিভিন্ন পরিমাপের একাধিক কক্ষবিশিষ্ট চারটি কাঁচা বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার মো. জাহেদুর রহমান।