
পবিত্র ঈদুল আজহার সকালে চট্টগ্রাম নগরের আকাশ যেন একটু অন্যরকম ছিল। ভোরের আলো ফোটার আগেই পথে নেমে পড়েছিলেন মুসল্লিরা। পাঞ্জাবি-টুপি পরা মানুষের স্রোত এসে মিলেছিল একটি গন্তব্যে—জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী মসজিদে। প্রথম ও প্রধান জামাতে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লি একসঙ্গে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন।
প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সকাল ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, দেশের সার্বিক উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতির জন্যও দোয়া করা হয়।
জামাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
৬৫ হাজার বর্গফুটজুড়ে প্রস্তুতি
এবারের কেন্দ্রীয় জামাতে মুসল্লিদের জন্য ব্যাপক আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ, কার্পেটিং, ত্রিপল ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। নিরাপত্তা নিশ্চিতে রাখা হয় সিসিটিভি ক্যামেরা ও মাইকিংয়ের সুবিধা। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে মসজিদের অভ্যন্তরেও বিকল্প নামাজের ব্যবস্থা রাখা হয়েছিল।
নগরজুড়ে আরও ৯টি জামাত
কেন্দ্রীয় জামাতের পাশাপাশি চসিকের ব্যবস্থাপনায় নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে লালদীঘি শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ।
জামাত শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং কোরবানির আত্মত্যাগের শিক্ষা ধারণ করে পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
