
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় মার্কিন হামলার কড়া জবাব দিয়েছে ইরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল একটি মার্কিন তেলবাহী ট্যাংকার। এ সময় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী ওই মার্কিন ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোড়ে।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসি নিশ্চিত করেছে যে, ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার জবাবে তারাও একটি মার্কিন বিমানঘাঁটিতে সফল হামলা চালিয়েছে।
ওই প্রতিবেদনে বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে আরও জানানো হয়েছে, এক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে যে, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে একটি মার্কিন বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবরের পরপরই এই ঘোষণা আসে।
আইআরজিসি তাদের বিবৃতিতে আরও স্পষ্ট করেছে যে, যেকোনো আগ্রাসনের জবাব না দিয়ে থাকা যাবে না এবং পরবর্তী যেকোনো সামরিক পদক্ষেপের আরও কঠোর জবাব দেওয়া হবে।
