
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নববধূ কনিকা দাশের (২০) এখনো কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান চালিয়েও শুক্রবার সকাল পর্যন্ত কনিকা দাশকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ কনিকা দাশ কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাশের স্ত্রী এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার জাহেদুর রহমান জানান, তাদের টিম প্রস্তুত রয়েছে। নিখোঁজ কনিকা দাশের সন্ধান পেলে দ্রুত জানানোর জন্য কর্ণফুলী নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় অবহিত করা হয়েছে। জাহেদুর রহমান ধারণা করছেন, দুর্ঘটনার সময় নদীতে জোয়ারের শেষ মুহূর্ত চলছিল। পরে ভাটার টানে কনিকা দাশ অনেক দূরে ভেসে যেতে পারেন।
জাহেদুর রহমান আরও জানান, ঘটনার দিন খবর পাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে কোথাও কনিকা দাশের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কেউ নিখোঁজ কনিকা দাশের সন্ধান পেলে দ্রুত রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে (জরুরি যোগাযোগ নম্বর: ০১৯০১০২১৫৮১) জানানোর আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় নববধূ কনিকা দাশ নিখোঁজ হন।
নৌকাডুবির পর স্থানীয়রা নৌকায় থাকা রুবেল দাশসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) ও তার স্বামী রুপন ঘোষসহ আরও একজন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক ছিল।
