
‘ত্যাগের চেতনায় সমতার উৎসব’—এই বিশ্বাসকে বুকে ধারণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে পথশিশু ও ছিন্নমূল বস্তিবাসীদের জন্য দিনব্যাপী হৃদয়ছোঁয়া ‘ঈদ আনন্দ আয়োজন’ করেছে।
হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে এই আয়োজনে ছিল নানা রাইডস, আনলিমিটেড আপ্যায়ন এবং দিন শেষে মন ছুঁয়ে যাওয়া গানের আয়োজন। যেখানে আনন্দ আর ভালোবাসা মিলেমিশে এক অনন্য উৎসব তৈরি করেছে।
শুক্রবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কাউকে পেছনে ফেলে নয়, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে।
তাই এই ভালোবাসার গল্প ও মানবতার উৎসব থেকে সবাইকে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে শতাধিক শিশুর মাঝে ডা. শাহাদাত হোসেন সালামি প্রদান করেন এবং এতিম শিশুদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, প্রতিবছর ঈদ সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে হাজির হওয়ার কথা। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেন বাধা-ব্যবধান বেড়েই চলেছে বলে জামাল উদ্দিন মনে করেন। জামাল উদ্দিন আরও বলেন, কারও নুন আনতে পান্তা ফুরায়, আবার কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়। ঈদ এলেই ধনী-গরিবের বৈষম্য নগ্নভাবে সমাজে প্রকাশিত হয়ে পড়ে বলে জামাল উদ্দিন উল্লেখ করেন।
জামাল উদ্দিন জানান, পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন, ঈদ এলে তাদের পরিবারে বিষাদের ছায়া নেমে আসে। তাদের নিঃশব্দ কাতর চোখ কোনো সাহায্য প্রার্থনা করে না, তারা চায় সামাজিক সম্মান ও আত্মমর্যাদা। ছিন্নমূল মানুষের সেই সামাজিক সম্মান ও আত্মমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন করা হয়েছে বলে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন জানান।
