
চট্টগ্রামের রাউজানে গাছ থেকে আম পাড়তে বাধা দেওয়ায় মো. জোমেন চৌধুরী (৩৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস খান চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত জোমেন চৌধুরী এ ঘটনায় রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জোমেন চৌধুরীর কয়েকজন প্রতিবেশী গাছ থেকে আম পাড়তে আসেন। এ সময় তাদের বারণ করলে ক্ষিপ্ত হয়ে মো. মাসুদ চৌধুরী নামের এক ব্যক্তি ধারালো ছুরি এনে জোমেনের বুকে আঘাত করার চেষ্টা করেন। জোমেন নিজেকে রক্ষার চেষ্টা করলে ছুরিটি তার হাতে লাগে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।
একই দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জোমেন চৌধুরী জানান, জায়গাজমি নিয়ে বিরোধের জেরে গত তিন মাস ধরে সমাধানের জন্য তারা বৈঠকের আহ্বান জানালেও প্রতিপক্ষ তাতে সাড়া দেয়নি।
তিনি অভিযোগ করে বলেন, তারা বিগত সময়েও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বহুবার প্রাণনাশের হুমকি দিয়েছে। সর্বশেষ শনিবার দুপুরে বসতঘরের সামনের গাছ থেকে আম পাড়তে নিষেধ করায় সরাসরি বুকে আঘাত করার চেষ্টা করে। হাত দিয়ে ঠেকিয়ে কোনোমতে প্রাণে রক্ষা পেলেও হাতে জখম হয়েছে।
পরিবারের নিরাপত্তা দাবি করে এসব ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী এই যুবক।
