ফেনী নদীতে বালু উত্তোলন: ধ্বংস হলো ১৪ মেশিন ও ৫ হাজার ফুট পাইপ


চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪টি শ্যালো মেশিন ও অন্তত পাঁচ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার করেরহাট ইউনিয়নের মোল্লারঘাট, অলিনগর থেকে লিচুতলা বাজার এবং পূর্ব অলিনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, অভিযান পরিচালিত স্থানগুলো অত্যন্ত দুর্গম হওয়ায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেই সরে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পল্টুনে স্থাপিত ৮টি এবং নদীর পাড়ে লুকিয়ে রাখা ৬টি শ্যালো মেশিনসহ মোট ১৪টি মেশিন ধ্বংস করা হয়েছে।

একই সঙ্গে প্রায় ৫ হাজার ফুট পাইপ, পল্টুন, ভাসমান ড্রামসহ অন্যান্য অবকাঠামোও বিনষ্ট করা হয়।

অভিযানে করেরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং জোরারগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।