জিয়াউর রহমানের দর্শন ছিল রাজনীতি হবে সবচেয়ে কঠিন: সাঈদ আল নোমান


রাজনীতি সেবার ও দেওয়ার হতে হবে উল্লেখ করে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ছিল রাজনীতি হবে সবচেয়ে কঠিন।

শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ‘আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান্স’। রাজনীতি করতে যেন দলের নেতাদের ঘাম ঝরে যায় এবং অনেক বেগ পেতে হয়, তিনি এমনটাই চেয়েছিলেন।

রাজনীতিকে আত্মত্যাগের মাধ্যম হিসেবে বর্ণনা করে এই সংসদ সদস্য বলেন, রাজনীতি এতটাই কঠিন হোক যেন নিজেকেই উৎসর্গ করতে হয়। নিজেদের নেতাকর্মীদের যেন অনেক কিছু ত্যাগ করতে হয়। তাহলেই শহীদ জিয়ার সেই আত্মত্যাগের সঠিক রাজনীতি আবারও ফিরে আসবে। মানুষের সেবা করতে করতে যেন তাদের বয়স শেষ হয়ে যায়, সাধারণ মানুষের জন্য এমন কষ্ট করেই রাজনীতি করতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন এবং আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সংসদে পাঠাতে পেরেছি। ইনশাআল্লাহ, আমরা সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণ করব। আমাদের কর্ম ও কাজের মধ্যে যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছাপ আমরা দেখতে পাই। সেভাবেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

শ্রদ্ধা নিবেদনকালে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সাঈদ আল নোমানের সঙ্গে উপস্থিত ছিলেন।