ইরাকে যাওয়া ও ইরানে থাকা উচিত হয়নি: ট্রাম্প


যুক্তরাষ্ট্রের ইরাকে যাওয়া যেমন উচিত হয়নি, তেমনি ইরানেও তাদের থাকা উচিত ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ না থাকলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাক যুদ্ধের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, ইরাকে আমরা খুব খারাপ কাজ করেছি। এটি ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত এবং শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি।

এরপর ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের ইরানেও থাকা উচিত হয়নি। কিন্তু ইরানে যদি নয় মাস আগে আমরা বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে তারা এখন পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে তার বক্তব্য, আমরা তাদের সামরিক বাহিনীকে অনেকটা অক্ষত রেখেছি, কারণ আমাদের ধারণা তারা তুলনামূলকভাবে সংযত। তবে অন্য কিছু গোষ্ঠী রয়েছে যারা সংযত নয়, এবং আমরা কেবল সেসব নেতৃত্বকে সরিয়ে দিয়েছি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অতীতে যুদ্ধে এমন কিছু ভুল হয়েছে যেখানে একটি দেশের পুরো কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছিল, যার ফলে দেশটি দীর্ঘ সময়েও ঘুরে দাঁড়াতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই ইরানের ক্ষেত্রে ভিন্ন কৌশল নেওয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।