
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, সাহসিকতা ও দূরদর্শিতায় অনন্য উচ্চতায় ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
রোববার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জিয়াউর রহমানের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদান’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
সাঈদ আল নোমান বলেন, জিয়াউর রহমান সর্বোচ্চ সততা ও দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। দায়িত্ব পালনে নিজের পদবিকে তিনি কখনও কারণ বানাননি। তার দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং সততার ফলশ্রুতিতেই আমাদের এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাই তরুণ প্রজন্মের কাছে আমাদের যত ধারক-বাহক আছেন, সবাইকে জিয়াউর রহমানের গুণাবলি তুলে ধরতে হবে এবং তার জীবনীর সচিত্র ব্যাখ্যা করতে হবে। শহীদ জিয়ার গুণাবলির সঙ্গে তরুণদের একটি মানসিক সংযোগ স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে যখন একমতের বাইরে কোনো মত থাকার নিয়ম ছিল না, তখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেন। আমাদের বারবার যখনই সুযোগ আসবে, তখনই আমাদের আলোচনায়, চিন্তায় তাকে নিয়ে আসতে হবে। কর্মীদের সামনে, নেতৃত্বের সামনে, তরুণদের সামনে তার বৈশিষ্ট্যগুলোর সাথে সবাইকে পরিচয় করাতে হবে।
সাঈদ আল নোমান বলেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সততা নিয়ে যিনি কাজ করেছেন, সেখানে কোনো বিতর্ক নেই। ১৯৭১ সালে অনেক বড় বড় জেনারেল থাকলেও জিয়াউর রহমান মেজর হয়েও স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন। পজিশনকে তিনি একবারও গুরুত্ব দেননি। ছিন্নভিন্ন রাষ্ট্রকে কীভাবে পুনর্গঠন করতে হবে, তিনি তা বুঝেছিলেন। তার দূরদর্শিতা দেশকে অনেক কিছু এনে দিয়েছে।
পঞ্চান্ন বছর ধরে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ জন্যই শহীদ জিয়াউর রহমানকে নিয়ে আমাদের বারবার আলাপ করতে হবে। তার সুযোগ্য সন্তান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যুগ যুগ ধরে যে স্বপ্ন দেখছেন, সেটি বাস্তবায়নে আমরা কাজ করব। শিক্ষায়, চর্চায় জিয়াউর রহমানকে সামনে রাখলেই মানুষের কল্যাণের রাজনীতি ফিরিয়ে আনা সম্ভব হবে। তার জীবনদর্শনই হোক আমাদের পথচলা।
বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম রাসেলের সঞ্চালনায় এই আলোচনা সভায় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
