
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে মাদকমিশ্রিত জুস খাইয়ে ধর্ষণের অভিযোগে মো. জামাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে নগরীর চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গ্রেপ্তার জামাল ভোলা জেলার শশীভূষণ থানার চরফকিরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ওই কিশোরীর প্রতিবেশী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে অভিযুক্ত জামাল তাকে মাদকমিশ্রিত জুস খাইয়ে ধর্ষণ করেন। বিষয়টি পরে জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
রোববার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সড়কে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোরীর ধর্ষণের ঘটনা জানাজানি হলে রোববার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
