সীতাকুণ্ডে চার গাড়ির সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ২৫


চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

সোমবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জারিয়া বেগম (৪৫) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার জহুরুল আলমের স্ত্রী।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বাড়বকুণ্ড বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কে উঠতে থাকা একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে যায়। কিছুক্ষণ পর একই দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের একটি বেকারির ভেতরে আংশিক ঢুকে পড়ে।

এই দুর্ঘটনায় বাস, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ এবং কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম হক জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ড্রাম ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।