
চট্টগ্রামের বাঁশখালীতে মাছবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার মৃত জালাল আহমদের ছেলে মো. বাহাদুর আলম (২৮) এবং একই উপজেলার আবুল বশরের ছেলে মো. নোমান (৩৫)। এর মধ্যে বাহাদুর আলম চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
আহতরা হলেন- মহেশখালীর মাতারবাড়ী এলাকার মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২৪) এবং চকরিয়ার বদরখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে পেকুয়াগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে মহেশখালী থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর আলমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নোমানসহ তিনজনকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আছরার উল্লাহ নুরী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বাহাদুর আলমের মরদেহ উদ্ধার করে। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে আহত নোমানেরও মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
