
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই তিনি এই পদত্যাগপত্র জমা দিলেন। তাঁর এই আকস্মিক পদত্যাগের পরপরই নতুন মন্ত্রী হিসেবে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাদিক থেকে সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছেন তিনি।
৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হওয়ার গৌরব অর্জন করেন এবং প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় স্থান পান। তাঁর বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে দীপেন দেওয়ান বিএনপিতে যোগ দেন। এরপর ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হন এবং ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
দীপেন দেওয়ানের পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে যাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। সাচিং প্রু জেরী বোমাং সার্কেলের একজন রাজপুত্র। তাঁর পিতা অং শৈ প্রু চৌধুরী এবং মামি মা ম্যা চিং, যিনি নিজেও একজন সাবেক সংসদ সদস্য।
রাজনীতিতে সাচিং প্রু জেরীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পার্বত্য বান্দরবান আসন থেকে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে সাচিং প্রু জেরী বান্দরবান সদর উপজেলা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে সাচিং প্রু জেরী বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাচিং প্রু জেরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং পার্বত্য অঞ্চলে তাঁর পরিবারের ঐতিহাসিক প্রভাব তাঁকে দীপেন দেওয়ানের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রেখেছে।
