
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটক আরমান চাতরী এলাকার মো. হারুনের ছেলে। সে পরিবারসহ ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকত। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। সকাল নয়টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে ঠোঁটে রক্তাক্ত জখম অবস্থায় ঘরে ফেরে। মা কারণ জানতে চাইলে শিশুটি জানায়, খেলার সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির খালি ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটির খেলার সঙ্গী (সম্পর্কে ফুফাতো ভাই) দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করলে অভিযুক্ত আরমান দরজা খুলে দেয়। তখন শিশুটি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। কান্নার শব্দ ও শিশুর মুখে ঘটনার বিবরণ শুনে মা তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানান। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আরমান হোসেনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, মেয়েকে একা পেয়ে আরমান ঘরে টেনে নিয়ে এই জঘন্য কাজ করেছে। তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
