
কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে দুর্ঘটনার সময় ডুবন্ত নৌকা থেকে শিশুদের উদ্ধারকাজে অংশ নেওয়া চার যুবককে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন) রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. এটিএম রেজাউল করিমের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদ। এ সময় তিনি নৌকাডুবির ঘটনায় ডুবন্ত অবস্থা থেকে শিশুদের উদ্ধারে সাহসিকতার পরিচয় দেওয়া চার যুবকের হাতে উৎসাহব্যঞ্জক পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহ আলম, কোদালা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. কুতুবউদ্দিন, সেক্রেটারি কাজী লোকমান, আব্দুল কুদ্দুস, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ওয়াহিদুল ইসলাম, মনিরুল ইসলাম এবং হাফেজ আব্দুল্লাহসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ২৮ মে কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের কয়েকজন সদস্য দুর্ঘটনার শিকার হন। এ সময় স্থানীয় চার কিশোরের সাহসিকতায় দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নববধূ কনিকা দাশ নিখোঁজ হন। তার সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করা হলেও এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।
