নেতানিয়াহুকে টেলিফোনে ট্রাম্পের কড়া কথা: বললেন ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’


ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে কড়া কথা শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টেলিফোনে এই ঘনিষ্ঠ মিত্রকে ‘পাগল’ বলে সম্মোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেনিয়ামিন নেতানিয়াহু যে এখন সবার কাছে অপ্রিয় হয়ে উঠেছেন, সে কথাও শোনাতে ছাড়েননি তিনি।

ইরানের সঙ্গে তিন মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র যখন আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলি হামলার কারণে তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

এমন প্রেক্ষাপটে গতকাল সোমবার বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইসরায়েল জানিয়েছিল, তাদের সামরিক বাহিনী লেবাননে অভিযান আরও জোরদার করবে এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেও বোমা হামলা চালাবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ফোনালাপে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।

দুই নেতার ফোনালাপের বিষয়ে অবগত দুজন মার্কিন কর্মকর্তা এবং একটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, এখন সবাই তাকে ঘৃণা করে এবং এ কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, কথোপকথনের একপর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর রীতিমতো চিৎকার করে ওঠেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানান, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন। কিন্তু এবারের কথোপকথন ছিল বেশ উত্তপ্ত ও তিক্ত।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফোনে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প তার ইসরায়েলি মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, তিনি অতীতে তাকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিয়েছেন।

লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রাখলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করে দেন ডোনাল্ড ট্রাম্প।

অ্যাক্সিওসে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর এই উত্তপ্ত ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে এই আলোচনাকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে তিনি দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহ একে অন্যের ওপর হামলা চালানো বন্ধ করবে এবং ইসরায়েলি বাহিনীও বৈরুতের দিকে অগ্রসর হবে না।

অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন থেকে ইরান সমর্থক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে ইসরায়েল কোনো অবস্থান পরিবর্তন করেনি এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ীই চলবে।