রাউজানে স্বেচ্ছাশ্রমে বেহাল সড়ক সংস্কার


চট্টগ্রামের রাউজানে জনসাধারণের চলাচলের দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমে একটি বেহাল সড়ক সংস্কার করেছেন স্থানীয়রা।

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার ‘টুনার মার সড়ক’-এর প্রায় ৩০০ ফুট অংশে দীর্ঘদিন ধরে খানাখন্দ ছিল।

এরয়ার মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায় কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল সড়কটি।

এই দুর্ভোগ নিরসনে স্থানীয় তরুণ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সড়কটি সচল করার উদ্যোগ নেন মোহাম্মদ আলী সুমন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ওই এলাকার সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী।

এলাকাবাসী জানান, সবার মিলিত শ্রমে সড়কটিতে নতুন ইট বিছিয়ে সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হচ্ছে। এতে পথচারী ও যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে এবং যাতায়াতের কষ্ট লাঘব হবে।

তবে সড়কটির দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরসিসি ঢালাই বা কার্পেটিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং রাউজান পৌর কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ আলী সুমন ও এলাকাবাসী।