
কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেকুয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট ইউএনও।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
এর ফলে নবগঠিত পেকুয়া পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং দাপ্তরিক ব্যবস্থাপনা ইউএনও রফিকুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত গত ২৪ মে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবগঠিত পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এ বিষয়ে পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম জানান, প্রশাসক নিয়োগের মাধ্যমে নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার কার্যক্রম দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তার মতে, অবকাঠামো উন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় একজন সরকারি কর্মকর্তা যেভাবে সহায়তা দিতে পারবেন, সাধারণ কোনো প্রশাসকের ক্ষেত্রে সেখানে অনেকটা বেগ পেতে হতে পারে।
