হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা


চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অপরাধে আলমগীর নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন সূত্র জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া বাজারের পূর্বপাশে কুলগাঁও এলাকার জ্বালাকুমারী কালীমন্দির এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।

প্রশাসন জানায়, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের সত্যতা পান তারা।

এরপর পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী চট্টগ্রামের কর্ণফুলীর শিলকবাহা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আলমগীরকে (৩৮) ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়েছে।

একই সঙ্গে পুকুরপাড়ে ফেলে রাখা বালু সরিয়ে নেওয়ার এবং ভরাট কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।