
চট্টগ্রামের হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে তাৎক্ষণিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
মঙ্গলবার সকালে হালিশহরের আই-ব্লকের একটি পেশকার বাড়িতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ৫টি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বসতঘর, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর নারী, পুরুষ ও শিশুরা খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকটে পড়ে খোলা আকাশের নিচে অবস্থান নিতে বাধ্য হন।
ঘটনার পরপরই দ্রুত আই-ব্লকে ছুটে যান সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
ঘর নির্মাণের কাজ দ্রুত শুরু করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
পাশাপাশি ৫টি পরিবারের ১৮ জন সদস্যের জন্য শাড়ি এবং দুপুর, রাত ও পরদিন সকালের খাবারের ব্যবস্থা করেন তিনি।
ক্ষতিগ্রস্তদের বসতঘরের জন্য জেলা প্রশাসককে ফোন করে ঢেউটিনের ব্যবস্থাও করে দেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বিপদের মুহূর্তে জনপ্রতিনিধিকে এভাবে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের পরপরই জনপ্রতিনিধির এমন তাৎক্ষণিক সাড়ার নজির বেশ কম। প্রয়াত আব্দুল্লাহ আল নোমান যেভাবে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেছিলেন, তাঁর ছেলে সাঈদ আল নোমানও সেই একই পথে হাঁটছেন।
এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
