যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণমাধ্যমে আসা বক্তব্য নিজের নয় বলে দাবি চসিক মেয়রের


যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে প্রচারিত বক্তব্যগুলো সঠিক নয় বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি কোনো সাংবাদিক বা অন্য কাউকে কোনো ধরনের সাক্ষাৎকার দেননি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

সম্প্রতি মশক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির আমন্ত্রণে চসিক মেয়র ও কয়েকজন কর্মকর্তার সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আলোচনায় আসে।

বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন বলেন, গত ২৪ মে স্থানীয় সরকার বিভাগ চিঠি দিয়ে বিষয়টির প্রশাসনিক নিষ্পত্তি করেছে। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হলেও হঠাৎ সোমবার থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে আবারও আলোচনা ও সংবাদ প্রকাশ শুরু হয়।

মঙ্গলবার প্রকাশিত কিছু সংবাদ ও পোস্টে নিজের নামে বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, তিনি এ বিষয়ে কাউকে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া দেননি। তার নামে প্রচারিত বক্তব্যগুলো তার নয়।

প্রকৃত ঘটনা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, মশক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ থেকেই বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের সিদ্ধান্ত তিনি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি সবসময় শ্রদ্ধাশীল।

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতার ওপর জোর দিয়ে মেয়র বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই সবচেয়ে কার্যকর উপায়।

এ সময় তিনি রাষ্ট্রনায়ক তারেক রহমানের সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ডোবা, নালা, জলাশয় ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখলে এবং যত্রতত্র ময়লা বা প্লাস্টিক না ফেললে ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত বাসযোগ্য নগর গড়া সম্ভব। সিটি করপোরেশন সবসময় নগরবাসীর কল্যাণে কাজ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।