
মালয়েশিয়া পাঠানোর কথা বলে কক্সবাজারের চকরিয়া উপজেলার ৬ জন কিশোর ও যুবককে অপহরণের অভিযোগ উঠেছে।
গত তিনদিন ধরে একটি চক্র তাদের আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
অপহৃতরা হলেন— শাহারিয়ার কবির সোহাগ, মোহাম্মদ শহীদ হোসেন, মোহাম্মদ মাহিম, ইসাদুল হোছাইন হামিম, নুরুল আমিন মনু এবং মো. সিফাত।
এদের মধ্যে শাহারিয়ার কবির সোহাগ, মোহাম্মদ শহীদ হোসেন, মোহাম্মদ মাহিম ও ইসাদুল হোছাইন হামিম চকরিয়া উপজেলার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এই ঘটনায় গত ৩১ মে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
অভিযোগে কাকারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, তার ছেলে ইসরাক হোসেন এবং স্ত্রী তানিয়া বেগমকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়, গত ৩১ মে সকালে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকা থেকে চারজন এবং বমু বিলছড়ি ইউনিয়ন থেকে দুজনকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণকারীরা তাদের আস্তানায় নিয়ে আটকে রাখে।
পরিবারের সদস্যরা জানান, গত তিনদিন ধরে জিম্মি করে রেখে একটি মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাইছে চক্রটি।
দ্রুত টাকা আদায়ের কৌশল হিসেবে অপহরণকারীরা অপহৃতদের একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে।
তারা ভয়ভীতি দেখাচ্ছে যে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে জিম্মি থাকা কিশোর ও যুবকদের মেরে ফেলা হবে। এ অবস্থায় ওই ছয় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ছয় কিশোর ও যুবককে আটকে রেখে টাকা দাবির একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই কিশোর-যুবকরা বিদেশে যাওয়ার কথায় রাজি হয়ে বাড়ি থেকে বের হওয়ার পর কোনো দালাল চক্রের খপ্পরে পড়েছেন।
ওসি মোহাম্মদ মনির হোসেন আরও জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের ধরতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
