ক্রিকেট ম্যাচে হুমামকে হারিয়ে সামানজারের জয়, সম্মাননা পেল সাহসী চার কিশোর


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে পাঁচজনকে উদ্ধার করা চার সাহসী কিশোরকে সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এস খান হোল্ডিংস ও একে এস খান হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। খেলা শেষে সাহসী চার কিশোর মুহাম্মদ রবিউল্লাহ, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ অলিউল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হুমাম কাদের চৌধুরী, সামানজার খান এবং মো. নাজমুল হাসান।

এ সময় নৌকাডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহমর্মিতা জানিয়ে নগদ অর্থ, টিন ও শুকনো খাবারসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। হুমাম কাদের চৌধুরী সাহসী চার কিশোরকে জড়িয়ে ধরে তাদের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং উদ্ধার হওয়া শিশু ও তার অভিভাবকদের সান্ত্বনা দেন। উল্লেখ্য, গত ২৭ মে কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় ওই চার কিশোরের সাহসিকতায় দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও নববধূ কনিকা দাশ এখনো নিখোঁজ রয়েছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে হুমাম কাদের চৌধুরীর করা বলে ব্যাট চালিয়ে প্রতীকী উদ্বোধন করেন সামানজার খান। টানটান উত্তেজনার ফাইনালে সরফভাটা ইউনিয়ন ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পৌরসভা ক্রিকেট একাদশ। খেলায় পৌরসভা দলের সমর্থনে ছিলেন সামানজার খান এবং সরফভাটা দলের পক্ষে ছিলেন হুমাম কাদের চৌধুরী। ফলে হুমাম কাদের চৌধুরীর সমর্থিত দলকে হারিয়ে শিরোপা জেতে সামানজার খানের সমর্থিত দল।

অনুষ্ঠানে স্মারক হিসেবে হুমাম কাদের চৌধুরী ও সামানজার খানের হাতে ক্রেস্ট তুলে দেন মো. নাজমুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ক্রীড়াপ্রেমী এবং আরাফাত রহমান খোকো জীবিত থাকাকালে বাংলাদেশের ক্রিকেটের জন্য নিরলসভাবে কাজ করেছেন। সেই চিন্তা থেকেই নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে তিনি এই আয়োজনে অংশ নিয়েছেন।

নিজস্ব মাঠ না থাকা সত্ত্বেও সরফভাটা ইউনিয়ন দল ফাইনালে পৌঁছানোয় তাদের প্রশংসা করেন হুমাম কাদের চৌধুরী। তিনি সেখানে একটি খেলার মাঠ নির্মাণের বিষয়েও মন্তব্য করেন। ভবিষ্যতে জাতীয় ক্রিকেট ও ফুটবল দলে রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব দেখার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ উপভোগের জন্য ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড় ও কোচদের টিকিটের ব্যবস্থা করবেন তিনি। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।