বাঁশখালীতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে মঙ্গলবার (২ জুন) বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে একই এলাকার রুহুল আমিনের ছেলে তানভীরুল ইসলামকে (২৫) প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে তার সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র থেকে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

অভিযুক্ত তানভীরুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন তিনি কৌশলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে জানানো হয়েছে।

পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা আইনগত প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত তানভীরুল ইসলামসহ তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের বিষয়ে তারা একটি অভিযোগ পেয়েছেন।

অভিযোগ পাওয়ার পর মামলাটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি রবিউল হক।