
চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাক্তার আব্দুল মাসুদ খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজ রিবেনের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তারা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পার্শ্ববর্তী বেশ কিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হন।
তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই বাড়ির মৃত সোলাইমান, মৃত সিরাজ, মো. সেলিম, মো. রিয়াজ এবং হুমায়ুনের পাঁচটি কাঁচা বসতঘরসহ ভেতরের সব আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের অন্তত দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
