
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ভাড়া বাসা থেকে আসমাউল হুসনা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়াখিল মোগল এলাকার ইউনুচ ম্যানশন নামের একটি ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানায়, আসমাউল হুসনা স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাড়ি উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকায়। পরিবারের সঙ্গে তিনি লালানগরের ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, মঙ্গলবার রাতে পারিবারিক কারণে মেয়েকে শাসন করেন তার মা। বুধবার সকালে মা-বাবা আত্মীয়ের বাড়িতে গেলে বাসায় একা থাকা অবস্থায় সে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিন বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশের ধারণা, পারিবারিক অভিমান থেকে ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
