
চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুকুর থেকে উদ্ধার করে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান (৪৫) ফকিরখীল গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
সাতকানিয়া থানা-পুলিশ জানায়, আদালতের পরোয়ানা কার্যকরের লক্ষ্যে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে একটি দল বুধবার সকাল ১০টার দিকে মোস্তাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন।
পরে পুলিশ তাকে পুকুর থেকে উদ্ধার করে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রের দাবি, গত ২৬ মে এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া অতীতে নারী নির্যাতন, হামলা ও মারধরের অভিযোগের কথাও স্থানীয়রা উল্লেখ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগে নয়টি মামলা রয়েছে এবং দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি বলেন, “বুধবার সকালে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
