‘দুর্নীতি-অনিয়ম সহ্য করা হবে না’, পটিয়া পৌরসভায় গিয়ে বললেন এমপি এনাম


পটিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, জনসেবা দিতে গিয়ে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না।

বুধবার দুপুরে পটিয়া পৌরসভা সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এনামুল হক বলেন, পৌরসভাকে জনগণের জন্য আরও সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পৌরসভা কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জায়গা নয়। জনগণের কল্যাণ, সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নই পৌরসভার মূল দায়িত্ব।”

অতীতের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার প্রশাসক ফারহানুর রহমান।

সভাপতির বক্তব্যে ফারহানুর রহমান বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই।

তিনি বলেন, “নাগরিক সেবার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

পৌর প্রশাসক আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ চলছে।

সভায় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয় নিয়ে আলোচনা হয়।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।