খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগের আহ্বান এমপি শাহজাহান চৌধুরীর


চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নে নলবনিয়া ক্রীড়া একাডেমি ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, “খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।”

স্থানীয়দের দাবির বিষয়ে তিনি বলেন, মাঠটির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

চুনতি নলবনিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন এবং চুনতি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সলিমুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনালে শহীদ মুগ্ধ একাদশ ও শহীদ আবু সাঈদ একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। এতে শহীদ আবু সাঈদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ মুগ্ধ একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

ব্যক্তিগত নৈপুণ্যের জন্য গোলরক্ষক আয়াদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান হেলাল উদ্দিন। সেরা গোলরক্ষক নির্বাচিত হন আজাদ এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রিয়াদ। এছাড়া উদীয়মান খেলোয়াড় হিসেবে আব্দুল্লাহ ও সেরা কোচ হিসেবে মহিউদ্দিন পুরস্কৃত হন।