
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।
বুধবার বিকালে নগরের জিইসি মোড় থেকে ‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মিছিলটি বের করা হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ। মিছিলের ব্যানারে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ছবি ছিল।
সমাবেশে আরিফুর রহমান মিঠু বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং সরকারের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কামরুল হাসান আকাশ বলেন, “চট্টগ্রামে মিছিলের নামে কোনো নৈরাজ্য চলতে দেওয়া হবে না।” তিনি ছাত্রলীগের সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে বলেন, সংগঠনটির কর্মকাণ্ড ইতিবাচক বার্তা দিচ্ছে না।
বিক্ষোভকারীরা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে নগরবাসী ও প্রশাসনের প্রতি এ ধরনের কর্মসূচি প্রতিহতের আহ্বান জানান।
কর্মসূচিতে বিভিন্ন থানা, ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন বলে সংগঠনটির নেতারা জানান।
