বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান, কমিশনার হিসেবে নিয়োগ পেলেন তিনজন


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন করপোরেট নির্বাহী মাসুদ খান। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী নাহিদ মাহতাব, আর্থিক খাতের নির্বাহী তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়োগ চূড়ান্ত করেছে। তারা চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার বিকেলে বিএসইসির কার্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

এর আগে একই দিন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগপত্র জমা দেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

বর্তমানে মাসুদ খান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লাফার্জহোলসিম বাংলাদেশে দীর্ঘ ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে দেশ-বিদেশে বিভিন্ন আর্থিক পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বাধীন পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।

নতুন কমিশনারদের মধ্যে নাহিদ মাহতাব একজন আইনজীবী, তানভীর হাবিব রহমান আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর এবং নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুঁজিবাজার-সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারে সুশাসন নিশ্চিত করা এবং দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া।