
চট্টগ্রামের বাঁশখালী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার রামদাশ মুন্সির হাট এলাকা থেকে মুজিবুর রহমান মুজিব (৩১) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুজিবুর রহমান কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদন্ডী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে মুজিবুর রহমানকে মিছিলের অগ্রভাগে দেখা যায় বলে দাবি পুলিশের।
এর পর তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী-এর নেতৃত্বে একদল পুলিশ তাকে গরুর হাট এলাকা থেকে আটক করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মুজিবুর রহমানকে একটি নাশকতা মামলায় আদালতে হাজির করা হয়েছে।
তিনি জানান, আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
