
চট্টগ্রামের পটিয়ায় একটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শুক্রবার দুপুরে উপজেলার কচুয়াইয়ের জলুয়ার দিঘীপাড় এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন অভূতপূর্ব গতিতে এগিয়ে যাচ্ছে এবং সরকারি সিদ্ধান্তের আলোকে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে। মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত নকশা অনুযায়ী এসব স্টেডিয়াম অত্যন্ত সুচারুভাবে নির্মাণ করা হবে এবং এর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদেরই নিতে হবে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই আধুনিক মিনি স্টেডিয়াম নির্মিত হলে পটিয়া থেকে ভবিষ্যতে অসংখ্য জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি জানান, পটিয়ার ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলনের সুযোগ পাবেন এবং নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন এবং জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা।
