চানাচুর খাওয়ার সময় বুট আটকে প্রাণ গেল শিশুর


কক্সবাজারের পেকুয়া উপজেলায় চানাচুর খাওয়ার সময় গলায় ‘চনার বুট’ আটকে আয়তুল ইসলাম আবিদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মইয়াদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু আয়তুল ইসলাম আবিদ ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শিশু আবিদকে তার মা খাওয়ার জন্য চানাচুর দেন। চানাচুর খাওয়ার একপর্যায়ে একটি বুট তার গলায় আটকে যায়।

এ সময় শিশুটি মা ও বাবা আব্দুর রহিমের সামনেই ছটফট করতে থাকে এবং একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে।

পরে মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, সকালে বাবা আব্দুর রহিমের সঙ্গে বাড়ির পাশে মইয়াদিয়া মুজিবকিল্লা স্টেশন থেকে নাশতা কিনে এনেছিল আবিদ। পরে বাড়িতে বসে সেই চানাচুর খাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে।