রাউজানে জুমার নামাজ শেষে হাজারো মুসল্লিকে ফল উপহার


চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ শেষে হাজারো মুসল্লির মাঝে উপহার হিসেবে মৌসুমি ফল কাঁঠাল ও আনারস বিতরণ করা হয়েছে। অর্থাভাবে যারা নিয়মিত কিনে ফল খেতে পারেন না, মূলত তাদের কথা ভেবেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জসিম উদ্দিন ফাউন্ডেশন।

শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ায় অবস্থিত তাকওয়া জামে মসজিদে সারিবদ্ধভাবে এই ফল বিতরণ করা হয়।

নামাজ শেষে আগে থেকে সরবরাহ করা কার্ড শনাক্ত করে একেকজন মুসল্লির হাতে একটি করে কাঁঠাল ও আনারস তুলে দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিনের অর্থায়নে তাকওয়া জামে মসজিদটি নির্মিত হয়েছে।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, গত এক মাস ধরে প্রতি শুক্রবার জুমার নামাজের পর মসজিদ মাঠে নিয়মিতভাবে এই মৌসুমি ফল বিতরণ করা হচ্ছে। মানুষের হাতে এসব ফল তুলে দেওয়ার জন্য আগে থেকেই দেশের পাইকারি বাজার থেকে ট্রাকে করে কাঁঠাল ও আনারস এনে মজুত করা হয়।

মসজিদ মাঠে ফল বিতরণের আগে একটি সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন, ফাউন্ডেশনের পরিচালক মোক্তার আহমেদ এবং স্থানীয় মসজিদের খতিব ও আইআইইউসির অধ্যাপক বি এম মফিজুর রহমান।

সেখানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, ইয়াছিনুল হক, ফারুক-ই আজম, মাওলানা ফরিদুল ইসলাম আনসারী, মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল এবং সাংবাদিক এস এস ইউসুফ উদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।